চোরাই গাড়ির মালিকানা বদলির দায় কার? মালিকানা বদলির দায়িত্ব যদি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হয়, তাহলে এমন অনিয়মের দায়ও কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর বর্তায় না? বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলেও বিআরটিএ কর্তৃপক্ষ তদন্তের কথা বলে বিষয়টি এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে বিআরটিএর ভেতরে চোর চক্র, নাকি চোর চক্রের সঙ্গে বিআরটিএর যোগসাজশ—এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে থানা, আদালত ও বিআরটিএ কার্যালয়ে।
প্রায় এক বছর আগে বশির আহমেদের মালিকানাধীন টয়োটা প্যারাডো গাড়িটি (নম্বর: ঢাকা মেট্রো-ঘ-১৬০০৮৬) খোয়া যায়। সম্প্রতি গাড়িটি উদ্ধারের পর দেখা যায়, এর মালিকানা পরিবর্তন করা হয়েছে। শাহ কামাল রাসেল নামের এক ব্যক্তি গাড়িটির বর্তমান মালিকানা দাবি করায় প্রকৃত মালিকানা নিয়ে জটিলতা তৈরি হয়। একপর্যায়ে গাড়িটি আবার হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিলে গুলশান জোনের পুলিশ হেফাজতে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়।
জানা যায়, ওই সময় রহিস উদ্দিন নামের এক মধ্যস্থতাকারী এরাম এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান থেকে গাড়িটি ভাড়া নিয়ে নিখোঁজ হন। এরপর তিনিও আত্মগোপনে চলে যান। সপ্তাহখানেক আগে গাড়িটি উদ্ধারের পর শাহ কামাল রাসেলের দাবির পরিপ্রেক্ষিতে জানা যায়, বিআরটিএর মিরপুর মেট্রো-১ কার্যালয়ের মালিকানা বদলি শাখা থেকে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে ক্রয়সূত্রে গাড়িটির মালিকানা শাহ কামাল রাসেলের নামে পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে অনলাইনেও মালিকানা পরিবর্তনের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এই মালিকানা পরিবর্তনের তথ্যের ভিত্তিতে শাহ কামাল রাসেল ও তাঁর সহযোগীরা গাড়িটি নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, গাড়িটির প্রকৃত মালিক বলে দাবি করা সৌদি প্রবাসী বশির আহমেদ পড়েছেন চরম বিপাকে। তিনি এ বিষয়ে থানা, আদালত ও বিআরটিএ কার্যালয়ে ঘুরছেন।
বিআরটিএ কর্তৃপক্ষ বিষয়টিকে নিছক ভুল বলে দাবি করে দায় এড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। প্রশ্ন উঠেছে, একটি দামি গাড়ির ত্রুটিপূর্ণ কাগজপত্রের ভিত্তিতে কীভাবে মালিকানা পরিবর্তন করা হলো? বিষয়টি প্রকাশ্যে আসার পর সেটিকে ভুল বলে দাবি করেই কি সংশ্লিষ্টরা দায় এড়াতে পারেন?
অবৈধভাবে মালিকানা পরিবর্তনের ঘটনায় বিআরটিএর সহকারী পরিচালক (এডি) মো. রিয়াজ হোসেন এবং উচ্চমান সহকারী মনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাঁদের দায়মুক্ত রাখতে উপপরিচালক শামছুল কবিরসহ ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা নানা কৌশলে তৎপর রয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।
এদিকে, গাড়িটির অবৈধ মালিকানা পরিবর্তনের জন্য মোটা অঙ্কের অর্থ ব্যয় হয়েছে বলে গাড়িটি আটকের পর থেকেই বিভিন্ন মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী পর্বে প্রকাশ করা হবে।
এই বাংলা/এমএস