রাজশাহীর রয়েছে সমৃদ্ধ ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্য। এ ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে রাজশাহীকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া আয়োজনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এ লক্ষ্য বাস্তবায়নে ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য মো. মিজানুর রহমান মিনু। এতে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।
রাসিক প্রশাসক বলেন, ক্রীড়া শুধু শখের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া উচিত। একজন খেলোয়াড় তাঁর প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে নিজের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারবেন। ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা—এটাই হওয়া উচিত আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, রাজশাহী সিটি করপোরেশন ক্রীড়াঙ্গনের উন্নয়নে ২১টি খেলার মাঠ ও ১৬টি টার্ফ নির্মাণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে নগরীতে খেলাধুলার পরিবেশ আরও সম্প্রসারিত হবে এবং নতুন প্রজন্ম ক্রীড়াচর্চায় উৎসাহিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, রাজশাহী কোর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আল মামুন কবির এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক মোহাম্মদ আব্দুল আলীম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিকুল করিম।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং আন্তঃকলেজ পর্যায়ে ক্রীড়াচর্চাকে আরও উৎসাহিত করার সুযোগ সৃষ্টি হবে।
এই বাংলা/এমএস