রবিবার, ২২ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪ কোটি ৬০ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত থেকে ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। শনিবার (২১ নভেম্বর) ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ২টার দিকে মুকুন্দপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২০০৭/৭-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় অবস্থান নেয়।

এ সময় ভারতের দিক থেকে ১৫ থেকে ২০ জন ব্যক্তি মাথায় কার্টন নিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাঁদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে চোরাকারবারিরা কার্টনগুলো ফেলে পালিয়ে যায়। পরে কার্টনগুলো তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫ হাজার ৭৬০ পিস অবৈধ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দ করা ডিসপ্লেগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধার করা মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

মাদক চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় চলতি নভেম্বর মাসে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৭১ কেজি গাঁজা, ১০১ বোতল ইস্কফ, ৮১ বোতল বিদেশি মদ এবং ৮৮ বোতল বিয়ার জব্দ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত এক বছরে—অর্থাৎ ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের ২১ নভেম্বর পর্যন্ত—দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং প্রায় ১০৭ কোটি টাকার অন্যান্য চোরাচালানি পণ্যসহ মোট ১১২ কোটি ৩৪ লাখ ৬১ হাজার ৫৭১ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে বিজিবি।

এসব ঘটনায় জড়িত ২৪ জন আসামিকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি মহাপরিচালকের নির্দেশনা—“বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—অনুসরণ করে প্রায় ৫০ কিলোমিটার সীমান্তজুড়ে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর