চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকবিরোধী অভিযানে ৩৭৫ লিটার চোলাইমদ, ৪০০ গ্রাম গাঁজা ও মদ তৈরির ৩২৬ লিটার উপকরণ জব্দ করেছে পুলিশ। এ সময় মো. আবু বক্কর সিদ্দিক (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর ভাই মো. আলম (৫৫) অভিযানের সময় বাড়িতে ছিলেন না।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার ৪ নম্বর জামবাড়িয়া ইউনিয়নের কালিনগর গ্রামে এ অভিযান চালানো হয়।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপারের দিকনির্দেশনায় ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিকের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপপরিদর্শক (এসআই) মো. মুসলিম উদ্দিন ও এসআই মো. আব্দুর রহিম।
পুলিশ জানায়, আবু বক্কর সিদ্দিক ও তাঁর ভাই আলমের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়। অভিযানে আবু বক্করকে আটক করা হলেও তাঁর ভাইকে বাড়িতে পাওয়া যায়নি। তাঁকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এসআই মো. আব্দুর রহিম।
এ ঘটনায় ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার আবু বক্করকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভোলাহাট থানার ওসি মো. আব্দুল বারিক জানান, অভিযুক্ত দুই ভাই দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।
এই বাংলা/এমএস