শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ফুলবাড়ীতে দিনমজুরের বাড়িতে তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা, দুশ্চিন্তায় পরিবার

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক দিনমজুরের বাড়িতে মাত্র তিন মাসে বিদ্যুৎ বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা। বাড়িতে একটি বাতি, একটি ফ্যান এবং ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়ার বাইরে তেমন বিদ্যুৎ ব্যবহার করেন না বলে দাবি তাঁর। অথচ প্রতি মাসের বিলে কয়েকশ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের হিসাব দেখানো হয়েছে। অস্বাভাবিক এই বিল নিয়ে বিপাকে পড়েছে ছয় সদস্যের পরিবারটি।

ভুক্তভোগী মো. ইউনুস আলী ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আফতাব আলী। তাঁর বিদ্যুৎ মিটারের হিসাব নম্বর ১০৫০০৮৫৪৯৪০৮৪।

বিদ্যুৎ বিলের কাগজ অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ৪৬৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল এসেছে ২৩ হাজার ২৭ টাকা। অক্টোবরে ৪২৯ ইউনিটের জন্য বিল করা হয়েছে ৯ হাজার ১৬০ টাকা। আর নভেম্বরে ৫০৪ ইউনিটের বিপরীতে বিল এসেছে ১৭ হাজার ৮৪৩ টাকা। সব মিলিয়ে তিন মাসে ১ হাজার ৩৯৮ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে মোট বিল দাঁড়িয়েছে ৫০ হাজার ৩০ টাকা।

ইউনুস আলী দিনমজুরের কাজ করে সংসার চালান। তাঁর সম্বল বলতে আড়াই শতক ভিটেমাটি। সেখানেই পরিবারের ছয় সদস্য নিয়ে বসবাস করেন তিনি।

ইউনুস আলীর দাবি, বাড়িতে তিনি একটি বাতি ও একটি ফ্যান ব্যবহার করেন। পাশাপাশি ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেন। এর বাইরে তেমন কোনো বিদ্যুৎ ব্যবহার করেন না। এমন পরিস্থিতিতে তিন মাসের ৫০ হাজার টাকার বিল কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

মো. ইউনুস আলী বলেন, “এত টাকা বিল দেখে আমি কয়েকবার বিদ্যুৎ অফিসে গেছি। কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। কিন্তু কোনো সমাধান পাইনি। এখন এত টাকা বিল কীভাবে দেব, বুঝতে পারছি না।”

কুড়িগ্রামের ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার মো. আসাদুজ্জামান মিয়া বলেন, “কোনো গ্রাহকের মিটারে সমস্যা থাকলে তাঁকে অফিসে এসে অভিযোগ করতে হবে। অভিযোগ পেলে মিটার পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাঁরা প্রতি মাসে ৫০ থেকে ১০০টি মিটার পরীক্ষা করেন।”

৫০ হাজার টাকার বিল পরিশোধ করতে হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, “বিল সঠিক হলে পরিশোধ করতে হবে। তবে কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে।”

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর