মানুষের জীবনে নানা ধরনের বিপদ-আপদ, রোগব্যাধি ও অপ্রত্যাশিত সংকট আসতেই পারে। ইসলামে আল্লাহর ওপর ভরসা করার পাশাপাশি নিয়মিত জিকির ও দোয়ার মাধ্যমে তার কাছে নিরাপত্তা ও সুরক্ষা কামনা করার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.) দৈনন্দিন জীবনে পাঠের জন্য এমন কয়েকটি দোয়া শিখিয়েছেন, যেগুলো বিভিন্ন অনিষ্ট ও বিপদ থেকে আল্লাহর আশ্রয় লাভের মাধ্যম হিসেবে বর্ণিত হয়েছে। নিচে এমন পাঁচটি দোয়া তুলে ধরা হলো।
১. সব ধরনের ক্ষতি থেকে সুরক্ষার দোয়া
আরবি:
بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
উচ্চারণ: বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস-সামায়ি ওয়া হুয়াস-সামিউল আলিম।
অর্থ: আল্লাহর নামে শুরু করছি, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। (সুনান আবি দাউদ)
২. ক্ষমা, সুস্থতা ও কল্যাণ কামনার দোয়া
আরবি:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।
অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখেরাতে ক্ষমা এবং সুস্থতা ও নিরাপত্তা প্রার্থনা করছি। (সুনান ইবনে মাজাহ)
৩. চারদিক থেকে নিরাপত্তা লাভের দোয়া
আরবি:
اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَينِ يَدَيَّ, وَمِنْ خَلْفِي, وَعَنْ يَمِينِي, وَعَنْ شِمَالِي وَمِنْ فَوْقِي, وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَن أُْغْتَالَ مِنْ تَحْت
উচ্চারণ: আল্লাহুম্মাহফাজনি মিন বাইনি ইয়াদায়্যা, ওয়া মিন খালফি, ওয়া আন ইয়ামিনি, ওয়া আন শিমালি, ওয়া মিন ফাওকি, ওয়া আউজু বিআজামাতিকা আন উগতালা মিন তাহতি।
অর্থ: হে আল্লাহ, আমাকে রক্ষা করুন আমার সামনে থেকে, আমার পিছন থেকে, আমার ডান পাশ থেকে, আমার বাম পাশ থেকে এবং আমার ওপরের দিক থেকে। আর আমি আপনার মহত্ত্বের উসিলায় ভূমিধস বা নিচ থেকে আক্রান্ত হওয়া থেকে আশ্রয় চাই। (সুনান ইবনে মাজাহ)
৪. সব ধরনের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়ার দোয়া
আরবি:
أَعُوذُ بِكلِمَاتِ الله التّامّاتِ مِن شَرّ مَا خَلَقَ
উচ্চারণ: আউজু বিকালিমাতিল্লাহিত তামমাতি মিন শাররি মা খালাক।
অর্থ: আল্লাহর নিখুঁত কালাম বা বাণীর উসিলায় তার সৃষ্টি করা সব কিছুর অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি। (সহিহ মুসলিম)
৫. কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া
আরবি:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল বারাসি, ওয়াল জুনুনি, ওয়াল জুজামি, ওয়া মিন সায়্যিইল আসকাম।
অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে শ্বেত রোগ, উন্মাদনা, কুষ্ঠরোগ এবং সব ধরনের দুরারোগ্য ও খারাপ ব্যাধি থেকে আশ্রয় চাই। (সু নান আবি দাউদ)
নিয়মিত আমলের গুরুত্ব
হাদিসে এসব দোয়া বিশেষ করে সকাল ও সন্ধ্যায় পাঠ করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। তবে ইসলাম শুধু দোয়ার ওপর নির্ভর করার শিক্ষা দেয় না। আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখার পাশাপাশি রোগ প্রতিরোধ, চিকিৎসা গ্রহণ এবং সম্ভাব্য বিপদ এড়াতে প্রয়োজনীয় বাস্তব পদক্ষেপ গ্রহণ করাও ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনা।
মহান আল্লাহর কাছে আন্তরিকভাবে আশ্রয় প্রার্থনা করলে তিনি বান্দার দোয়া কবুল করেন। তাই দৈনন্দিন জীবনে এসব দোয়া নিয়মিত পাঠ করা একজন মুসলমানের জন্য উপকারী আমল হিসেবে বিবেচিত।