সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

শিবগঞ্জে কিচক-মোসলেমগঞ্জ সড়কের বেহাল দশা, গর্তে দেবে গেল রডবোঝাই ট্রাক

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • প্রকাশকালঃ সোমবার, ১০ আগস্ট, ২০২৬

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের কিচক-মোসলেমগঞ্জ সড়কের কোমরখুর এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে গুরুত্বপূর্ণ সড়কটি। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। এতে যানবাহন চলাচলে দুর্ভোগ বাড়ছে।

স্থানীয়রা জানান, কোমরখুর এলাকায় সড়কের গর্তগুলো দিন দিন আরও বড় ও গভীর হয়ে উঠেছে। বিশেষ করে বর্ষায় বৃষ্টির পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ঝুঁকি নিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে।

এরই মধ্যে সোমবার (১০ আগস্ট) সকালে কোমরখুর এলাকায় একটি রডবোঝাই ট্রাক সড়কের বড় একটি গর্তে দেবে যায়। এতে ট্রাকটি সড়কের ওপর আটকে পড়লে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয় বাসিন্দা মো. নাহিদ ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশের অবস্থা খারাপ হলেও কার্যকরভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষার পানিতে গর্তগুলো আরও বড় হওয়ায় পথচারী ও যানবাহন চালকদের ভোগান্তি বেড়েছে।

স্থানীয়দের ভাষ্য, সড়কটি দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যানসহ ছোট যানবাহনের পাশাপাশি ভারী যানবাহনও চলাচল করে। ফলে সড়কের বর্তমান অবস্থা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছে।

এলাকাবাসী জনদুর্ভোগ কমাতে কিচক-মোসলেমগঞ্জ সড়কের কোমরখুর অংশসহ ক্ষতিগ্রস্ত স্থানগুলো দ্রুত সংস্কার এবং স্থায়ীভাবে মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর