সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের ভাদাস এলাকায় একটি কবরস্থানের বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে সংঘটিত এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাদাস গ্রামের কবরস্থানের বৈদ্যুতিক সংযোগের তার রাতের কোনো এক সময়ে কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ভাদাস গ্রামের বাসিন্দা এ.এস.এম. তোহা নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লেখেন, “রাতের আঁধারে ভাদাশ কবরস্থানের বিদ্যুতের তার চুরি। মানুষ তোমরা আর কত নিচে নামবে?”
পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়ে স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম লেখেন, “হায়রে মানুষ! আর কত হবে দুনিয়াতে, আল্লাহ সবাইকে হেদায়েত করুন।”
সোহেল রানা নামে আরেকজন মন্তব্য করেন, “সৃষ্টির সেরা জীব হয়ে আর কত নিচে নামবে মানুষ?”
এ ছাড়া মো. আব্দুল হাই হতাশা প্রকাশ করে লেখেন, “মনে হচ্ছে চোর সম্ভবত অধিক জ্ঞানের অধিকারী। ভেবেচিন্তে কবরস্থান থেকে চুরি করেছে।”
স্থানীয় সচেতন মহলের মতে, কবরস্থানের মতো ধর্মীয় ও সংবেদনশীল স্থানে এ ধরনের চুরির ঘটনা দুঃখজনক। তাঁরা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এই বাংলা/এমএস