সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক করা, এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং চলমান সংকট নিরসনে খাগড়াছড়িতে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে।
সভায় সেনাবাহিনী, পুলিশ, বেসামরিক প্রশাসন, গোয়েন্দা সংস্থা, পার্বত্য জেলা পরিষদ, সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি, বাস-ট্রাক মালিক সমিতি এবং রেস্তোরাঁ মালিক সমিতিসহ পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর বাধার কারণে সাজেক সড়কে যান চলাচল বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকেরা দুর্ভোগে পড়েছেন। দীর্ঘদিনের এ অচলাবস্থায় স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। পরিস্থিতির অবনতি হলে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির আশঙ্কা রয়েছে বলেও সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় উত্থাপিত প্রস্তাব অনুযায়ী, সংকট নিরসনে স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের মাধ্যমে সড়ক অবরোধে অংশ নেওয়া আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে ধাপে ধাপে আলোচনার উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার নিরাপত্তা বাহিনী, জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের যৌথ মধ্যস্থতাকারী দল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত দলটির নেতৃত্বে সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া থাকবেন বলে সভায় জানানো হয়।
সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলা এবং অবরোধে প্রকাশ্যে মদদ দেওয়ার অভিযোগে কার্বারী অ্যাসোসিয়েশনের জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও সভায় আলোচনা হয়।
সভা শেষে সড়কে যান চলাচল স্বাভাবিক করা, এলাকার সার্বিক নিরাপত্তা বজায় রাখা এবং জনদুর্ভোগ কমাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়।
সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনার মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং সাজেক সড়কে স্বাভাবিক যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়।
এই বাংলা/এমএস