শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সাজেকে হামলা-ভাঙচুরের প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

 

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প্রতিবাদে এবং তাঁদের দাবির প্রতি সমর্থন জানিয়ে খাগড়াছড়ি ও রাঙামাটিতে আধাবেলা সড়ক অবরোধ পালন করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকা এ অবরোধের কারণে খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কসহ অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ থাকে।

সকালে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল এলাকায় পিকেটাররা দুটি টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। পরে দক্ষিণ খবরপড়িয়া এলাকাতেও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়ক থেকে টায়ার সরিয়ে ফেলেন।

অবরোধের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। তবে এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোর্তজা আলী খান জানান, অবরোধকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাঙামাটির সাজেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে ডাকা সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে এবং সাজেকবাসীর ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক নির্মল চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অবরোধের ঘোষণা দেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর