শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

টঙ্গী ওভারব্রিজে ছিনতাইকারীদের হামলার অভিযোগ, ছুরিকাঘাতে যুবক আহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশকালঃ শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

 

রাজধানী ঢাকা ও গাজীপুরের সীমান্তবর্তী টঙ্গী ওভারব্রিজ এলাকায় ছিনতাইকারীদের হামলায় নীলফামারীর ডিমলা উপজেলার এক যুবক গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৩ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম মো. তারিফ ইসলাম (২৫)। তিনি ডিমলা উপজেলার ১০ নম্বর পূর্ব ছাতনাই ইউনিয়নের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আমিজুল ইসলাম।

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, ঢাকা-টঙ্গী ওভারব্রিজ পার হওয়ার সময় একদল সংঘবদ্ধ ছিনতাইকারী তারিফ ইসলামের পথরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তাঁর সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবকের বুক, হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁকে নিবিড় পর্যবেক্ষণে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে অক্সিজেন ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, টঙ্গী ওভারব্রিজ ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরেই সন্ধ্যার পর ছিনতাইকারীদের উপদ্রব বেড়েছে। পর্যাপ্ত আলোর অভাব এবং নিয়মিত পুলিশি টহল না থাকার সুযোগে অপরাধীরা পথচারীদের ওপর একের পর এক হামলা চালাচ্ছে বলে তাঁদের দাবি।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

এ ঘটনায় ডিমলার এলাকাবাসী ও সাধারণ পথচারীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। অভিযুক্ত ছিনতাইকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা। একই সঙ্গে টঙ্গী ওভারব্রিজে স্থায়ী পুলিশ বক্স স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং নিয়মিত পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর