নীলফামারীর ডোমার উপজেলায় সীরাত ও দোয়া মাহফিল চলাকালে হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে আয়োজক কমিটি।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ডোমার প্রেসক্লাবে মেলাপাঙ্গা পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় মেলাপাঙ্গা পশ্চিমপাড়া জামে মসজিদ মাঠে ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে সীরাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জাহিদুল ইসলামের অভিযোগ, মাহফিল চলাকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি সেখানে হামলা চালিয়ে অনুষ্ঠানটি পণ্ড করে দেন। এ সময় মাহফিলে উপস্থিত কয়েকজন অতিথিকে লাঞ্ছিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার পর এ বিষয়ে ডোমার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আয়োজক কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, “ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।”
এদিকে, হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এই বাংলা/এমএস