অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় জেলা প্রশাসনের বিশেষ টাস্কফোর্সের অভিযানে ৩৪টি অবৈধ ড্রেজার মেশিন জব্দের পর ধ্বংস করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি থেকে ত্রিশাল উপজেলার ধলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ সদর ও ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)। এ সময় টাস্কফোর্সের অন্যান্য সদস্য, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
টাস্কফোর্স সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র নদী ও ফসলি জমির আশপাশে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি নদীভাঙন ও পরিবেশের ক্ষতির আশঙ্কা তৈরি হয়। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ৩৪টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়ায় মেশিনগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এ সময় ড্রেজারমালিক ও শ্রমিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে টাস্কফোর্স সূত্রে জানা গেছে।
এ বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী, জলাশয় ও আশপাশের পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ে। নদীর তীরবর্তী এলাকা ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বালু ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না।”
জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
এই বাংলা/এমএস