রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের পাশে উইনরক ইন্টারন্যাশনাল: স্পিকার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশকালঃ রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
স্পীকারের সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সামাজিক সুরক্ষায় উইনরক ইন্টারন্যাশনাল ইতিবাচক ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রোববার (২৫ অক্টোবর) স্পিকারের কার্যালয়ে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাকসোদা মাকসোদির নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, চার দশকেরও বেশি সময় ধরে চলমান অংশীদারত্বের ধারাবাহিকতায় উইনরক ইন্টারন্যাশনাল বাংলাদেশের সঙ্গে কাজ করে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন ও সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে এ সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, বাংলাদেশ তুলনামূলকভাবে কম কার্বন নিঃসরণ করলেও কার্বন ডাই-অক্সাইডসহ গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলীয়, হাওর ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের জীবিকা ক্রমেই হুমকির মুখে পড়ছে।

স্পিকার আরও বলেন, মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

সাক্ষাৎকালে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বহুমুখীকরণ, কৃষিপণ্য উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে দেশে ফিরে আসা বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার সুরক্ষার বিষয়ে মতবিনিময় করেন প্রতিনিধিদলের সদস্যরা।

এ সময় স্পিকার বলেন, বিগত ১৭ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে তিনি মার্কিন সরকারের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে উইনরক ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর