চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে একই সংস্থার পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৪ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাহাদাত হোসেন প্রশাসকের দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী মাসিক সম্মানী ও অন্যান্য ভাতা পাবেন।
এর আগে গত মার্চেও শাহাদাত হোসেনকে চসিকের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব তৈরি করেছিল স্থানীয় সরকার বিভাগ। তবে সে সময় এ বিষয়ে কোনো আদেশ জারি করা হয়নি।
নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হওয়া এবং মেয়র হিসেবে শাহাদাত হোসেনের দায়িত্ব পালন নিয়ে প্রশ্নের মধ্যে তাঁকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো। নতুন এ নিয়োগের ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসনিক দায়িত্ব তাঁর হাতে থাকবে।
এই বাংলা/এমএস