পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বরগুনার বেতাগীতে প্রায় তিন কিলোমিটার খালের দুই পাড়জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। পূবালী ব্যাংক বেতাগী শাখার উদ্যোগে এ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হচ্ছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে বেতাগী সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর রানীপুর, আদমপোল ও ডাঙ্গার খাল এলাকায় কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক তাহমিনা আক্তার। এ সময় বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পূবালী ব্যাংকের বরিশাল বিভাগের আরএম মো. মোসাহেদুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, খালের দুই পাড়ে তাল, নারিকেল, আমড়া, কৃষ্ণচূড়াসহ বিভিন্ন ধরনের ফলদ ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে। পরিকল্পিতভাবে এসব গাছ বেড়ে উঠলে এলাকার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে।
বরগুনার জেলা প্রশাসক তাহমিনা আক্তার বলেন, গাছ মানুষের জীবন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ নয়, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
স্থানীয়রা জানান, খালের দুই পাশে পরিকল্পিত বৃক্ষরোপণের ফলে এলাকাটি ধীরে ধীরে সবুজ ও নান্দনিক হয়ে উঠবে। পাশাপাশি ভবিষ্যতে এটি পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন একটি স্থানে পরিণত হতে পারে।
এই বাংলা/এমএস