ঝালকাঠির নলছিটিতে ছেলেকে হামলার হাত থেকে রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আক্কাস খান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে জসিম খান (৩২) গুরুতর আহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে আক্কাস খানের মৃত্যু হয়। সোমবার সকালে পুলিশ তাঁর মরদেহ বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দপুর গ্রামের জসিম খানের সঙ্গে প্রতিবেশী সজল খানের পূর্ববিরোধ ছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে বাড়ির সামনের রাস্তায় জসিমকে একা পেয়ে সজল খান, তাঁর বাবা সেলিম খান ও ভাই শফিক খানসহ কয়েকজন তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ।
জসিমের চিৎকার শুনে বাবা আক্কাস খান এগিয়ে গেলে হামলাকারীরা তাকেও মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে স্থানীয়রা জানান। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অবস্থার অবনতি হলে আক্কাস খানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে গুরুতর আহত জসিম খানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকদের প্রাথমিক তথ্যমতে, মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে আক্কাস খানের মৃত্যু হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই বাংলা/এমএস