নাটোরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে আগামী ১৩ ও ১৪ আগস্ট দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রকৌশল গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, আন্তর্জাতিক এ সম্মেলনের মাধ্যমে প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার গবেষণা, জ্ঞান বিনিময়, বৈশ্বিক প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের সুযোগ তৈরি হবে।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) অনুষদের উদ্যোগে আয়োজিত সম্মেলনে সিগন্যাল প্রসেসিং, ইনফরমেশন, কমিউনিকেশন অ্যান্ড সিস্টেম বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এতে ১৮টি দেশের ১০৯টি বিশ্ববিদ্যালয়ের বাছাই করা ৩২৮টি গবেষণাপত্র স্থান পাবে।
দুই দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন দেশের গবেষক, শিক্ষক, প্রকৌশলী, শিক্ষাবিদ ও শিল্পখাতের বিশেষজ্ঞরা অংশ নেবেন। সম্মেলনে সাম্প্রতিক গবেষণা, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আন্তঃবিষয়ক গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে কার্যকর যোগাযোগ বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে আয়োজকরা আশা করছেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহমেদের। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন এমপি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সম্মেলনের সভাপতি ও ইইই বিভাগের অধ্যাপক ড. মো. ওসমান গনি এবং স্থানীয় আয়োজক কমিটির সভাপতি ও ইসিই অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সারওয়ার।
এই বাংলা/এমএস