সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

বাঁশখালীতে এসএসসির ফলে এগিয়ে সরকারি উচ্চ বিদ্যালয়

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১০ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানভেদে পাসের হারে বড় ব্যবধান দেখা গেছে। উপজেলার ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণে সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির পাসের হার ৭৯ দশমিক ০৭ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফল অনুযায়ী, বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার ১২৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১০২ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন। পাসের হারের দিক থেকে প্রতিষ্ঠানটি উপজেলায় শীর্ষে রয়েছে।

ফলাফলে দ্বিতীয় অবস্থানে রয়েছে নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির পাসের হার ৭২ দশমিক ০৩ শতাংশ। মোট ২৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭০ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৯ জন।

৭১ দশমিক ৭৭ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে ১২৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৮৯ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩ জন।

এ ছাড়া সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬৯ দশমিক ৮৬ শতাংশ, কালিপুর অগ্রাহরণ হক উচ্চ বিদ্যালয়ে ৬৮ দশমিক ৩৭ শতাংশ, হাজীগাঁও বরুমছড়া উচ্চ বিদ্যালয়ে ৬৭ দশমিক ০৯ শতাংশ এবং পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৬৭ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

অন্যদিকে ফলাফলের দিক থেকে সবচেয়ে পিছিয়ে রয়েছে বি.বি. চৌধুরী উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির পাসের হার ১৩ দশমিক ৪৩ শতাংশ। ৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৯ জন উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

এর পরের অবস্থানে রয়েছে কামাল উদ্দিন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির পাসের হার ২৩ দশমিক ৮১ শতাংশ।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মোনায়েম শাহ আউলিয়া উচ্চ বিদ্যালয়ে ৫১ দশমিক ২২ শতাংশ, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৯ দশমিক ৫৪ শতাংশ, ছনুয়া কারদেয়া উচ্চ বিদ্যালয়ে ৪৭ দশমিক ৫০ শতাংশ, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৪৭ দশমিক ৯৯ শতাংশ এবং চাম্বল উচ্চ বিদ্যালয়ে ৫৬ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

জিপিএ-৫ অর্জনের দিক থেকেও কয়েকটি প্রতিষ্ঠান ভালো ফল করেছে। বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩৬ জন, নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ে ১৬ জন, কালিপুর অগ্রাহরণ হক উচ্চ বিদ্যালয়ে ১৪ জন, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১৩ জন এবং বৈলছড়ি নজুমুন্নেছা উচ্চ বিদ্যালয়ে ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলে তারা আনন্দিত। নিয়মিত পাঠদান, শিক্ষক-অভিভাবকদের সমন্বয় এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে।

তিনি বলেন, পরীক্ষার ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও ব্যবহারিক দক্ষতা অর্জনের ওপরও প্রতিষ্ঠানটি গুরুত্ব দিচ্ছে। ভবিষ্যতে ফলাফল আরও ভালো করার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নেও কাজ করা হবে।

সামগ্রিকভাবে বাঁশখালীর এসএসসি ফলাফলে কয়েকটি প্রতিষ্ঠান উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেও বেশ কিছু প্রতিষ্ঠানে পাসের হার ৫০ শতাংশের নিচে রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে নিয়মিত পাঠদান, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, পাঠদান পদ্ধতি ও ধারাবাহিক মূল্যায়নের বিষয়গুলো গুরুত্ব দিয়ে পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর