রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

সিংড়ায় টিফিনের টাকা জমিয়ে সহপাঠীদের মধ্যে গাছের চারা বিতরণ

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নাটোরের সিংড়ায় টিফিনের টাকা সঞ্চয় করে গাছের চারা কিনে সহপাঠীদের মধ্যে বিতরণ করেছে লালোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরিবেশের প্রতি সচেতনতা তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতেই ব্যতিক্রমী এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, লালোর উচ্চ বিদ্যালয় গ্রন্থাগারের পাঠকদের উদ্যোগে সপ্তাহের পাঁচ দিন প্রতিদিন ১০ টাকা করে সঞ্চয় করা হয়। এভাবে প্রতি সপ্তাহে শিক্ষার্থীদের প্রত্যেকে ৫০ টাকা জমা করেন। পরে সেই অর্থ দিয়ে শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী বকুল ও কাঠবাদাম গাছের চারা সংগ্রহ করা হয়।

আয়োজকরা জানান, ছোট পরিমাণ অর্থ নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা তৈরি করার পাশাপাশি পরিবেশ রক্ষায় তাদের সম্পৃক্ত করাই কর্মসূচিটির অন্যতম লক্ষ্য। টিফিনের সামান্য টাকা বাঁচিয়েও যে পরিবেশের জন্য কার্যকর কিছু করা সম্ভব, শিক্ষার্থীদের মধ্যে সেই বার্তাই পৌঁছে দেওয়া হচ্ছে।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালোর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. রেজাউল করিম, প্রধান শিক্ষক মো. মাহবুব আলম, কর্মসূচির উদ্যোক্তা ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) আব্দুল মতিন, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি নাটোরের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাকী বিল্লাহ রশীদি, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আজাদুর রহমান, নাটোর টিভির সাংবাদিক মাহবুবুর রহমান, বাংলা টিভির সাংবাদিক মেহেদী বাবু, বিনোদ বিহারী চৌধুরী পাঠাগার ও সংগ্রহশালার সদস্য আব্দুল করিমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর