সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

নাগরপুরে ছাত্রদল নেতার ওপর হামলার মামলায় কৃষক সমিতির নেতা গ্রেপ্তার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১০ আগস্ট, ২০২৬

টাঙ্গাইলের নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও হামলার অভিযোগে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কৃষক সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবু বকর ছিদ্দিকী (৩৫) গ্রেপ্তার হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) নাগরপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। আবু বকর ছিদ্দিকী উপজেলার বেকড়া গ্রামের মো. সোহরাব হোসেনের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আবু বকর ছিদ্দিকীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারের অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি অনুসারীদের নিয়ে নাগরপুর সরকারি কলেজ ক্যাম্পাসের কাঠবাগান এলাকায় অবস্থান নেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

খবর পেয়ে ছাত্রদল কলেজ শাখার আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম আসলামসহ কয়েকজন সেখানে গিয়ে তাকে অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এতে ছাত্রদল কলেজ শাখার আহ্বায়ক আশরাফুল ইসলাম আসলামসহ তিনজন আহত হন।

এ ঘটনায় আবু বকর ছিদ্দিকীকে প্রধান আসামি করে নাগরপুর থানায় মামলা করা হয়।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগসংক্রান্ত বিষয় নিয়ে গুজব ছড়ানো ও মারামারির অভিযোগে থানায় নিয়মিত মামলা হয়েছে। মামলার ভিত্তিতে আবু বকর ছিদ্দিকীকে গ্রেপ্তার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সিপিবির নাগরপুর শাখার সভাপতি খোরশেদুন নাহার ভূইয়া বলেন, কৃষক সমিতির সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিকী ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা সম্ভব ছিল। ঘটনাটি এতদূর গড়াবে, তারা তা প্রত্যাশা করেননি।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর