কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নালিয়ারদোলায় নির্মাণের দাবিতে মানববন্ধন
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
সোমবার, ৩ আগস্ট, ২০২৬
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পূর্বনির্ধারিত স্থান নালিয়ারদোলায় নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের আমিন বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য নালিয়ারদোলা স্থানটি ইতোমধ্যে উপযুক্ত হিসেবে নির্ধারণ করা হয়েছিল। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে জমি অধিগ্রহণের প্রস্তুতিও চলছিল। কিন্তু একটি পক্ষ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছে, যা প্রকল্প বাস্তবায়নকে অনিশ্চয়তার মুখে ফেলেছে।
স্থানীয় শিক্ষক মো. নুরনবী সরকার বলেন, নালিয়ারদোলায় পর্যাপ্ত খাসজমি রয়েছে এবং এটি বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। তিনি পূর্বের সিদ্ধান্ত বহাল রেখে দ্রুত সেখানে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানান।
নারী নেত্রী মোছা. মেরিনা আক্তার বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য নালিয়ারদোলা নির্বাচন করে সব ধরনের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করা হলেও একটি চক্র সেটি অন্যত্র নেওয়ার চেষ্টা করছে। এতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ বিলম্বিত হচ্ছে এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তিনি আরও বলেন, একই সময়ে প্রতিষ্ঠিত দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মিত হলেও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এখনো স্থান নির্বাচন-সংক্রান্ত জটিলতায় আটকে রয়েছে। দ্রুত নালিয়ারদোলায় ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
আবৃত্তি শিক্ষক মো. আব্দুর রশীদ বলেন, জেলার প্রায় সব উপজেলার মধ্যবর্তী স্থানে হওয়ায় নালিয়ারদোলার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সুবিধাজনক। সড়ক, রেল ও নৌপথে দেশের বিভিন্ন জেলা এবং ভারতের সাতটি রাজ্যের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকায় এ স্থানটি বিশ্ববিদ্যালয়ের জন্য উপযোগী।
মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। কর্মসূচি চলাকালে কুড়িগ্রাম-চিলমারী সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকায় উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। পরে মানববন্ধন শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের এক জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কারিগরি কমিটির সুপারিশে সদর উপজেলার নালিয়ারদোলাকে স্থায়ী ক্যাম্পাসের সম্ভাব্য স্থান হিসেবে নির্বাচন করা হয়। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সেখানে প্রায় ২৬০ একর জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন মহলের মতপার্থক্যের কারণে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এখনো শুরু হয়নি। বর্তমানে জেলা শহরের ভোকেশনাল মোড় এলাকার দুটি ভাড়া ভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।