আখাউড়ায় ভুয়া চিকিৎসা কার্যক্রমের দায়ে ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

0
168
আখাউড়ায় ‘ডাক্তার’ সেজে প্রতারণা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা / ছবি - এই বাংলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তন্তর বাজারে ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার দায়ে এক ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক সহযোগিতা করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযানকালে দেখা যায়, তন্তর বাজারে অবস্থিত নয়ন ফার্মেসির মালিক কোনো ধরনের বৈধ চিকিৎসা সনদ ছাড়াই সিরিয়াল দিয়ে রোগী দেখছিলেন। তিনি রোগীদের কাছ থেকে প্রতিজনের কাছ থেকে ২০০ টাকা করে ভিজিট গ্রহণ করতেন এবং এন্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ প্রেসক্রিপশনে লিখে দিচ্ছিলেন।

পরবর্তীতে যাচাই করে দেখা যায়, সংশ্লিষ্ট ব্যক্তির পল্লী চিকিৎসক, এমবিবিএস অথবা চিকিৎসা সংশ্লিষ্ট কোনো বৈধ সনদপত্র নেই। অথচ তিনি প্রেসক্রিপশনে নিজের নামের আগে “ডাক্তার নারায়ণ চন্দ্র পাল” লিখে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

ভুয়া টাইটেল ব্যবহার করে জনগণকে প্রতারণার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here