মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

পরিচ্ছন্ন চট্টগ্রাম গঠনে নাগরিকদের সক্রিয় ভূমিকা ও মানসিকতার পরিবর্তন জরুরি: মেয়র ডা. শাহাদাত

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি :

একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর চট্টগ্রাম গঠনে সরকারি প্রচেষ্টার সাথে সাথে সাধারণ নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। পরিচ্ছন্নতাকে কোনো সাময়িক কার্যক্রম নয়, বরং দৈনন্দিন জীবনযাত্রার অংশ হিসেবে গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতি শনিবার নিজ নিজ বাসাবাড়ি, ছাদ ও চারপাশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।

‘পরিচ্ছন্ন শহর, সবুজ নগর; প্রফুল্ল মন, সুস্থ জীবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রামজুড়ে ৩,৩০০টিরও বেশি সরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় একযোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে এক সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। পরবর্তীতে চট্টগ্রাম কোর্ট হিল ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরসহ আশপাশের এলাকায় সরাসরি পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযানে অংশ নিয়ে চসিক মেয়র বলেন, সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনের মূল ভিত্তি হলো ব্যক্তি ও পরিবার। পরিচ্ছন্নতার মানসিকতা তৈরিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচালিত স্কুলগুলোতে ‘স্কুল হেলথ স্কিম’ চালু করা হয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সচেতনতার পাঠ দেওয়া হচ্ছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সার্বিক নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ মনিরুজ্জামান, সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী এবং পুলিশ সুপার মোঃ মাসুদ আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, ১৩১টি দপ্তরের ৪১৬টি ভবন, ১০৮টি আবাসিক ভবন, ৪০৬টি উপজেলা পর্যায়ের ভবন এবং ২,২৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রম ও মনিটরিং বজায় থাকবে। এটি কোনো জোরপূর্বক কর্মসূচি নয়, বরং বিশ্বমঞ্চে একটি সুন্দর ও নতুন বাংলাদেশকে তুলে ধরতে নাগরিক জীবনযাত্রায় স্থায়ী পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর