মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

চট্টগ্রামে ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা অনুষ্ঠিত

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ২০ জুলাই, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি :

দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে প্রস্তুতি, সমন্বয় এবং স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার নগরীর লালদীঘিস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষিত, দক্ষ ও সংগঠিত যুব স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে প্রায় দুই হাজার প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবক যেকোনো দুর্যোগে দ্রুত সাড়া দিতে সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন।

তিনি আরও বলেন, ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিম দুর্যোগকালীন সময়ে উদ্ধার, ত্রাণ বিতরণ, প্রাথমিক চিকিৎসা এবং মানবিক সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিটি ওয়ার্ডে এ টিমকে পূর্ণাঙ্গভাবে কার্যকর করা গেলে জরুরি পরিস্থিতিতে নগরবাসী দ্রুত প্রয়োজনীয় সেবা পাবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ দুর্যোগ প্রস্তুতিতে সমন্বিত পরিকল্পনা, নিয়মিত প্রশিক্ষণ এবং ওয়ার্ডভিত্তিক স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দক্ষ ও প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকরাই দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জরুরি সেবাদানে সবচেয়ে বড় শক্তি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য জিয়াউল হক সোহেল, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান দীপ্ত ভট্টাচার্য্যসহ তিন শতাধিক যুব স্বেচ্ছাসেবক।

সমন্বয় সভায় ওয়ার্ডভিত্তিক দুর্যোগ প্রস্তুতি, জরুরি সাড়াদান ব্যবস্থা, স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা একটি সমন্বিত, দক্ষ ও কার্যকর ওয়ার্ডভিত্তিক ডিজাস্টার রেসপন্স নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর