আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই ২০০ প্রতিবন্ধী বন্যাদুর্গতের পাশে চট্টগ্রামের জেলা প্রশাসক
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
সোমবার, ২০ জুলাই, ২০২৬
চট্টগ্রাম প্রতিনিধি :
একটি লিখিত আবেদন পাওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ২০০ জন বন্যাদুর্গত প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁদের পরিবারের জন্য জরুরি ত্রাণের ব্যবস্থা করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বরাদ্দ অনুমোদনের পাশাপাশি তিনি নিজে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
সোমবার (২০ জুলাই) বিকেলে নগরীর লালখানবাজারস্থ শহীদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের সহযোগিতায় ২০০ জন বন্যাদুর্গত প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁদের পরিবারের মধ্যে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এর আগে রোববার (১৯ জুলাই) সামাজিক সেবামূলক সংস্থা ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ সেন্টার (ডিডিআরসি)-এর নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সাজ্জাদ জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক বন্যায় বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তি, শিশু ও যুবকদের অনেকেই সাধারণ ত্রাণকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে খাদ্য সংগ্রহ করতে পারছেন না। তাই তাঁদের জন্য জরুরি খাদ্যসহায়তার প্রয়োজন রয়েছে।
আবেদন পাওয়ার পরপরই জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং নিজেও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকার সিদ্ধান্ত নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন শিশু, নারী, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী মানুষ। তাই তাঁদের বিষয়ে আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে জেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, বিমান বাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, বিভিন্ন সরকারি সংস্থা এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করেছে। এই সম্মিলিত প্রচেষ্টার ফলেই ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, “আমরা একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চাই। প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের বাদ দিয়ে সেই লক্ষ্য অর্জন সম্ভব নয়। রাষ্ট্রের প্রতিটি সেবায় তাঁদের সমান অধিকার নিশ্চিত করতে হবে।”
ডিডিআরসির নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সাজ্জাদ বলেন, আবেদন পাওয়ার পর জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে ইতিবাচক সাড়া দিয়েছেন এবং ব্যস্ততার মধ্যেও নিজে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেছেন। মানুষের কল্যাণে তাঁর দ্রুত সিদ্ধান্ত ও আন্তরিকতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জাগরণী চক্র ফাউন্ডেশনের সহায়তায় বিতরণ করা প্রতিটি ত্রাণ প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার ভোজ্যতেল, ২ কেজি চিড়া, ১ কেজি চিনি, ফ্যামিলি সাইজ বিস্কুট, ৫ লিটার বিশুদ্ধ পানি, মোমবাতি, লাইটার, ওরস্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধ।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিডিআরসি এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের উদ্ধার, আশ্রয়, চিকিৎসা, খাদ্য সহায়তা ও পুনর্বাসনের পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য পৃথক সহায়তার এ উদ্যোগকে মানবিক প্রশাসনের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান, নির্বাহী সম্পাদক: নাসরিন আক্তার
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।