রাজশাহী নিউমার্কেটের সার্বিক উন্নয়ন ও সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগকে নির্দেশ দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তিনি নিউমার্কেটের দুই তলাসহ পুরো মার্কেট সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় ব্যবসায়ী ও মার্কেট পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথা শোনেন।
পরিদর্শনকালে রাসিক প্রশাসক মার্কেটের সংস্কার, অভ্যন্তরীণ রাস্তা ও ড্রেনের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রকৌশল বিভাগকে নির্দেশনা দেন। পাশাপাশি এসব উন্নয়নকাজের বিষয়ে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন।
মো. মাহফুজুর রহমান রিটন বলেন, ‘ঐতিহ্যবাহী রাজশাহী নিউমার্কেট নগরীর একটি পুরোনো প্রতিষ্ঠান। এই ঐতিহ্য ধরে রাখতে চাই। নিউমার্কেটের নিজস্ব স্বকীয়তা ও ঐতিহ্যের আদলে এর সংস্কার ও উন্নয়নকাজ করতে চাই। ব্যবসায়ীরা যেন ভবিষ্যতে আরও ভালোভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে লক্ষ্য সামনে রেখে তাঁদের সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চাই।’
এ বিষয়ে ব্যবসায়ীদের সহযোগিতাও কামনা করেন তিনি।
পরিদর্শনকালে নিউমার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নুর কুতুবে আলম মুনু, সাধারণ সম্পাদক মাইনুল হক হারু, ক্যাশিয়ার সৈয়দ আব্দুল ময়েজ ডলার, নির্বাহী সদস্য জাহিদুল ইসলাম জেম ও মো. টিপু উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী সজিবুর রহমান, গোলাম আতোয়ার, আফজাল হোসেন ও সাব্বির হোসেন, উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহেল কাফিসহ অন্যান্য প্রকৌশলী এবং ১৩ নম্বর ওয়ার্ডের সচিব সারোয়ার হোসেন শাওন উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সহসভাপতি সোহেল রানা সরকার দিপু, ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব এ কে সারওয়ার জাহান সম্রাট, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল আলম জিতু, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক মাহাবুবুল আলম সানি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদুল রেজা এবং সাবেক যুবনেতা মোমিন, পল্টু ও মিঠু।
এই বাংলা/এমএস