জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে নাটোর জেলা ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপদেষ্টা আল্লামা আব্দুল হক আজাদ, সহসভাপতি মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি এমদাদুল্লাহ ফাহাদসহ সংগঠনের নেতারা।
সম্মেলনে বক্তারা বলেন, দেশের মানুষের শান্তি ও ভাগ্যের পরিবর্তন আনতে হলে শুধু দল, নেতা কিংবা সরকার পরিবর্তন করলেই হবে না; নীতি ও আদর্শের পরিবর্তন প্রয়োজন। তাঁদের ভাষ্য, নীতি ও আদর্শের পরিবর্তন না হলে দেশে খুন, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি, ঘুষ ও ছিনতাইয়ের মতো অপরাধ বাড়তেই থাকবে।
বক্তারা আরও বলেন, ৫ আগস্টের আন্দোলনে অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে মানুষ অংশ নিয়েছিল। কিন্তু সেই প্রত্যাশার প্রতিফলন এখনো দেখা যাচ্ছে না। দেশে চাঁদাবাজি, ঘুষ, ডাকাতি, ছিনতাই, হত্যা ও ধর্ষণের ঘটনা বাড়ছে বলেও তাঁরা দাবি করেন।
তাঁরা বলেন, যতক্ষণ পর্যন্ত দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন না হবে, ততক্ষণ শুধু দল পরিবর্তন, নতুন মন্ত্রী কিংবা মন্ত্রিসভা গঠনের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। সব ধরনের নীতি, আদর্শ ও শাসনব্যবস্থা দেখার পর এবার বাংলাদেশে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা এবং শরিয়াহ আইন বাস্তবায়ন দেখতে চান তাঁরা।
সম্মেলন শেষে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এই বাংলা/এমএস