রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান ডিসি জাহিদের

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

আগামী প্রজন্মের জন্য দূষণমুক্ত ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্নতার বিষয়ে প্রত্যেক নাগরিককে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, বর্তমান প্রজন্মের ভোগ-বিলাস ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশগত ঝুঁকি তৈরি করা উচিত নয়। পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বজায় রাখা শুধু কোনো প্রতিষ্ঠান বা বিভাগের কাজ নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম রেলস্টেশন ও জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ এলাকায় আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ের যৌথ উদ্যোগে ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পুরোনো রেলস্টেশন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নতুন রেলস্টেশন ও আশপাশের এলাকা প্রদক্ষিণ শেষে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, চট্টগ্রামের পুরোনো রেলস্টেশন একটি ঐতিহাসিক স্থাপনা। প্রতিদিন প্রায় ৩০ হাজার মানুষ এই স্টেশন ব্যবহার করেন। তাঁদের মধ্যে শিশু, প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিরাও রয়েছেন। এ কারণে স্টেশন ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন এবং দুর্গন্ধমুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দায়িত্ব কেবল পরিচ্ছন্নতাকর্মীদের ওপর ছেড়ে না দিয়ে যাত্রীসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।

তিনি বলেন, গত জুলাই থেকে চট্টগ্রামকে একটি নান্দনিক নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংবাদিক, রাজনৈতিক নেতা এবং নানা শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করছে। তবে নাগরিকদের মধ্যে দায়িত্বশীল মনোভাব তৈরি না হলে এসব উদ্যোগের সুফল দীর্ঘস্থায়ী হবে না। যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা বন্ধে সবাইকে সচেতন করতে হবে। পাশাপাশি কোনো স্থান পরিষ্কার করার পর সেটি পরিচ্ছন্ন রাখার অভ্যাসও গড়ে তুলতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে নেওয়া বিভিন্ন কার্যক্রমের বিষয়ে জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে গত ১২ সেপ্টেম্বর জেলার প্রায় দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এরপর থেকে প্রতি শনিবার জেলার বিভিন্ন উপজেলায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই জেলার বিভিন্ন সরকারি ভবনের ছাদ পরিষ্কার করে প্রায় ১৩৫ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছিল। পরবর্তী সময়ে জিয়া স্মৃতি কমপ্লেক্স, পতেঙ্গা সমুদ্রসৈকত, নগরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ এবং প্রায় দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এ ছাড়া জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ, সিআরবি, জিয়া স্মৃতি কমপ্লেক্স ও স্বাধীনতা কমপ্লেক্সসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাকে পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় আনা হয়েছে।

চট্টগ্রামকে সবুজ নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, এক দিনে এক লাখ গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। রোপণ করা গাছগুলো এখনো বেঁচে আছে এবং বেড়ে উঠছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ রেখে যাওয়াই তাঁদের লক্ষ্য। আগামী দিনের মানুষ যেন অভিযোগ করতে না পারে যে বর্তমান প্রজন্ম সব সুযোগ-সুবিধা ভোগ করলেও তাদের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে গেছে।

অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের পাহাড়তলীর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁঞা বলেন, রেলস্টেশন ও আশপাশের জনসমাগমপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পরিচ্ছন্নতাকর্মীদের কাজ নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন। একই সঙ্গে যাত্রী ও সেবাগ্রহীতাদেরও এ বিষয়ে সচেতন হতে হবে। সবার সম্মিলিত উদ্যোগেই স্টেশন ও স্মৃতিস্তম্ভ এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকতসহ জেলা প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর