বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

গাজীপুরে ৫০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৩৫ প্লাটুন বাহিনী মোতায়েন

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলনের জেরে ৫০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আরও পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। স্বাভাবিক রয়েছে উৎপাদন কার্যক্রম। এদিকে শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন বাড়িয়ে ৩৫ প্লাটুন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের মাওনা ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ ছাড়া বাঘেরবাজার এলাকাতেও সকালে শ্রমিকরা সড়কে নামেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহেল রানা জানান, বাঘেরবাজার এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দেন। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি জানান, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়িয়ে ৩৫ প্লাটুন করা হয়েছে। এর মধ্যে বিজিবির ১২ প্লাটুন, আনসারের ১৩ প্লাটুন এবং এসআরবির ১০ প্লাটুন সদস্য রয়েছেন। তাঁরা মহানগর, জেলা ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের জানমালের সুরক্ষায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ আনসারের উপপরিচালক মো. আশিকুজ্জামান জানান, বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিট থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকায় আনোয়ার ডায়াগনস্টিক সেন্টার ও বিসিকের সামনে ৬০ থেকে ৭০ জন তরুণ অবস্থান নেন। তাঁদের বয়স আনুমানিক ১৭ থেকে ২০ বছর। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, তাঁরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন।

ওই এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেলের নেতৃত্বে এবং সিএ মো. শফিকুল ইসলামের উপস্থিতিতে আনসার ব্যাটালিয়নের ৩০ সদস্যের একটি প্লাটুন, পুলিশ ও বিজিবির তিনটি টহল দল দায়িত্ব পালন করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে অবস্থান নেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেন। কারখানাগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে উৎপাদন কার্যক্রম চলতে দেখা গেছে। নতুন করে বড় ধরনের শ্রমিক বিক্ষোভ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, বৃহস্পতিবার বিভিন্ন কারণে মালিকপক্ষ ৫০টি কারখানা বন্ধ রেখেছে। এ ছাড়া পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্য কারখানাগুলোতে সকাল ৮টা থেকে উৎপাদন কার্যক্রম চলছে। পরিস্থিতি বিবেচনায় শিল্প পুলিশ, থানা-পুলিশ, বিজিবি, আনসার, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।

এর আগে বুধবার গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, যানবাহন ভাঙচুর এবং পুলিশের একটি জিপে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শ্রমিকের ছদ্মবেশে দুষ্কৃতকারীরা আন্দোলনে অনুপ্রবেশ করে সহিংসতা ও নাশকতার চেষ্টা করছে বলে অভিযোগ করেছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ।

আন্দোলনকে কেন্দ্র করে কোনো পক্ষ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে গাজীপুরের কাশিমপুর কারাগারেও বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

শ্রমিকদের মজুরি ও অন্যান্য দাবি নিয়ে আলোচনা অব্যাহত রাখার পাশাপাশি কারখানার উৎপাদন এবং স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর