নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সহসভাপতি এবং ওয়ালিয়া ইউনিয়ন যুবলীগের এক সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর লালপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় অভিযান চালিয়ে ১৪ নভেম্বর বিকেল ৫টার দিকে নিজ বাড়ি থেকে মো. আরিফুল ইসলাম মিজু (৩০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
একই দিন সন্ধ্যা ৭টার দিকে ওয়ালিয়া বাজার থেকে মো. সম্রাট ইসলাম (৩৭) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওয়ালিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য।
এ ছাড়া ১৫ নভেম্বর রাত ১টা ১৫ মিনিটের দিকে নিজ বাড়ি থেকে মো. নাদিম আলম (৩৪) নামের আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি।
পুলিশ জানায়, লালপুর থানার মামলা নম্বর ১৫, তারিখ ১৩ নভেম্বর ২০২৬ এবং জিআর নম্বর ৩৩৪/২০২৬-এর এ মামলায় গ্রেপ্তার তিনজনকে ১৫ নভেম্বর আদালতে সোপর্দ করা হয়েছে।
এই বাংলা/এমএস