ক্ষমতা হারানোর পরও পতিত ফ্যাসিবাদী শক্তি ষড়যন্ত্রের রাজনীতি অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
তাঁর অভিযোগ, পরিকল্পিত নৈরাজ্য, অগ্নিসংযোগ, বিস্ফোরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণের অপচেষ্টা করা হচ্ছে। তবে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের কোনো সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন নাজিমুর রহমান।
তিনি বলেন, ক্ষমতা হারানোর পরও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে নেই। দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ, বিস্ফোরণ, স্থাপনায় হামলা ও প্রাণনাশের হুমকির মতো ঘটনা ঘটিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা চলছে।
নাজিমুর রহমান আরও বলেন, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তাঁর সহযোগীরা রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। সীমান্তের ওপার থেকে কর্মসূচি ঘোষণা এবং দেশের অভ্যন্তরে আত্মগোপনে থাকা সহযোগীদের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে। কৃত্রিম সংকট তৈরি, আতঙ্ক ছড়ানো ও সহিংসতা উসকে দিয়ে বর্তমান সরকারকে বিব্রত ও ব্যর্থ করার অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।
তিনি বলেন, যারা আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন, তাঁদের স্পষ্ট করে বলতে চাই—বাংলাদেশের মানুষ আর স্বৈরাচারী শাসন, দমন-পীড়ন কিংবা সন্ত্রাসের রাজনীতি মেনে নেবে না। গণতন্ত্রকামী মানুষের রক্ত, ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে অর্জিত পরিবর্তন নস্যাৎ করার যেকোনো চেষ্টা জনগণ প্রতিহত করবে। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রাজনৈতিক দল, সামাজিক শক্তি ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জননিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে। ষড়যন্ত্রকারীরা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। তাই কোনো উসকানিতে পা না দিয়ে সবাইকে সতর্ক, সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের জানমাল রক্ষায় বিএনপি রাজপথে দায়িত্বশীল ও সংগঠিত ভূমিকা পালন করবে।
সভায় উপস্থিত নেতারা দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তুলে এর বিরুদ্ধে সাংগঠনিক ও গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
সভায় সিদ্ধান্ত হয়, চট্টগ্রাম মহানগরের প্রতিটি ওয়ার্ডে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে ধারাবাহিক আলোচনা সভা, প্রতিবাদ সমাবেশ ও মিছিল আয়োজন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে নৈরাজ্য, অগ্নিসংযোগ, বিস্ফোরণ, সন্ত্রাস এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধনের বিরুদ্ধে জনমত গড়ে তোলা হবে।
সভায় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন ও শিহাব উদ্দিন মুবিন। আরও উপস্থিত ছিলেন শ্রমিক দল নেতা শেখ নুরুন্নাবাহার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়েত হোসেন বুলু, সাধারণ সম্পাদক জমির উদ্দিন নাহিদ, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এই বাংলা/এমএস