মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শীলকূপে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সাব-সেন্টার উদ্বোধন

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে সাধারণ মানুষের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সাব-সেন্টার-০১-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয় সড়কের জালিয়াখালী নতুন বাজার এলাকায় ‘রোহাব স্টেশনারী ও কম্পিউটার’ নামের প্রতিষ্ঠানটিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অরুণ জয় ধর, সাংবাদিক শিব্বির আহমদ রানা, ইউপি সদস্য আ.ক.ম. আশিক হোসাইন চৌধুরী, পরিষদের উদ্যোক্তা ও প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হোসাইন মোহাম্মদ রিয়াজ, গ্রামপুলিশ সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী বলেন, বর্তমান সময়ে ডিজিটাল সেবা মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ইউনিয়ন পর্যায়ে এ ধরনের সেবাকেন্দ্র চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন অনলাইন ও দাপ্তরিক কাজ আরও সহজ হবে। তিনি সেবার মান বজায় রেখে সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষের পাশে থাকার জন্য উদ্যোক্তার প্রতি আহ্বান জানান।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ সাব-সেন্টারের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন ধরনের অনলাইন ও ডিজিটাল সেবা নিতে পারবেন। বিশেষ করে নিয়মিত অফিস সময় বিকেল ৪টার পরও এখানে বিভিন্ন অনলাইন ও দাপ্তরিক কাজ সম্পন্ন করার সুযোগ থাকবে। ফলে কর্মব্যস্ত মানুষ, বিশেষ করে দিনের বেলায় সময়ের অভাবে প্রয়োজনীয় কাজ করতে না পারা ব্যক্তিরা বাড়তি সুবিধা পাবেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর