বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মধ্যরাতের টানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে মধ্যরাতে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মোহাম্মদপুর, শালবনসহ শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃষ্টির পানিতে সড়ক ও নিচু এলাকা তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে চেঙ্গী নদীর পানি বেড়ে নদীতীরবর্তী নিম্নাঞ্চলেও পানি ঢুকে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, বুধবার মধ্যরাতে শুরু হওয়া কয়েক ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ি শহরের মোহাম্মদপুর, শালবনসহ বিভিন্ন নিচু এলাকায় পানি জমে যায়। কোথাও কোথাও বসতবাড়ির আঙিনা ও চলাচলের সড়কে পানি ওঠায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় অনেক পরিবারকে দুর্ভোগে পড়তে হয়েছে।

বৃষ্টির কারণে চেঙ্গী নদীর পানিও দ্রুত বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও কিছু বসতবাড়িতে পানি প্রবেশ করেছে। নদীর কাছাকাছি নিচু এলাকায় বসবাসকারী পরিবারগুলো পানিবন্দি অবস্থায় রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, গত এক মাসে খাগড়াছড়িতে একাধিকবার ভারী বৃষ্টিপাতের পর একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। বারবার পানি ওঠায় শত শত পরিবারকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর প্রভাব পড়ছে বসতবাড়ি, চলাচলের পথ ও দৈনন্দিন কর্মকাণ্ডে।

বাসিন্দাদের অভিযোগ, পানি দ্রুত নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় স্বল্প সময়ের ভারী বৃষ্টিতেও শহরের বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়। চেঙ্গী নদীর পানি বাড়লে নদীতীরবর্তী এলাকাগুলোর পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

স্থানীয়রা জলাবদ্ধতা ও বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি চেঙ্গী নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর জন্য দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, পানি নিষ্কাশন ব্যবস্থা ও নালা-নর্দমা সংস্কারের পাশাপাশি নদীতীরবর্তী এলাকার ঝুঁকি বিবেচনায় নিয়ে পরিকল্পনা করা প্রয়োজন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর