বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

দিনে গরম, রাতে শীতের আমেজ— ঋতু পরিবর্তনের ছোঁয়া পঞ্চগড়ে

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়ে প্রকৃতিতে এখন ঋতু পরিবর্তনের পালাবদল। দিনের বেলা কড়া রোদ ও তীব্র গরম, আর রাত নামলেই হালকা শীতের অনুভূতি—এমন বৈপরীত্যপূর্ণ আবহাওয়া বিরাজ করছে তেঁতুলিয়াসহ পুরো জেলায়। দিনের প্রখর রোদে সাধারণ মানুষ অতিষ্ঠ হলেও সন্ধ্যা নামার পর হালকা কুয়াশা ও হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা।

স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই এ অঞ্চলে দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকছে। কড়া রোদের কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের তীব্রতাও বাড়ছে। এতে বাইরে বের হওয়া অনেকের জন্য কষ্টকর হয়ে পড়ছে। তবে বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন ঘটছে। হিমেল বাতাসের ছোঁয়া আর সন্ধ্যার পর হালকা কুয়াশায় শীতের অনুভূতি বাড়ছে। রাত গভীর হলে এবং শেষরাতে অনেককেই হালকা কাঁথা বা চাদর গায়ে জড়াতে হচ্ছে।

আবহাওয়ার এমন পরিবর্তনে সাধারণ মানুষের জীবনযাত্রায় তৈরি হয়েছে ভিন্নধর্মী অভিজ্ঞতা। দিনের বেলা রোদ থেকে বাঁচতে পথচারী ও শ্রমজীবী মানুষ ছাতা ব্যবহার করছেন, কেউ কেউ বেছে নিচ্ছেন সুতির পোশাক। গরমের কারণে দিনমজুর ও ভ্যানচালকদের কাজ করতে বাড়তি কষ্ট হচ্ছে। অন্যদিকে রাতের তুলনামূলক ঠান্ডা আবহাওয়া দিনের ক্লান্তি কিছুটা দূর করছে।

শহরের চৌরঙ্গী এলাকার রিকশাচালক রহিম মিয়া বলেন, “দিনের বেলা রোদে শরীর পুড়ে যাওয়ার মতো গরম লাগে। ঘেমে একাকার হয়ে যাই। অথচ রাতে ঘুমানোর সময় গায়ে হালকা কাঁথা না টানলে ঠান্ডা লাগে। অদ্ভুত এক আবহাওয়া চলছে এখন।”

চিকিৎসকদের মতে, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যের কারণে বিশেষ করে শিশু ও বয়স্কদের সর্দি, কাশি, জ্বরসহ বিভিন্ন শীতজনিত সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে পারে। এ সময় স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।

প্রকৃতির এমন পালাবদলে তেঁতুলিয়ার সীমান্তঘেঁষা গ্রামীণ জনপদে শীতের প্রস্তুতিও শুরু হয়েছে। লেপ-তোশক তৈরির কারিগররা ব্যস্ত হয়ে পড়েছেন মৌসুমি কাজে। শীত পুরোপুরি জেঁকে বসার আগেই উত্তর জনপদের মানুষ অনুভব করছেন দিনের গরম ও রাতের শীতল আবহাওয়ার মিশ্র রূপ।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর