বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বাঘাইছড়িতে এডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ, শিক্ষার মানোন্নয়ন এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বই ও অভিনন্দনপত্র প্রদান করা হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে নতুন দেয়ালিকা ও মাল্টিমিডিয়া ল্যাবের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁচালং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর, রাঙ্গামাটি জেলা বিএনপির সহসভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দীন বাবু, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম এবং বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন দত্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষিকা নাজমা আক্তার। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হামিদুর রহমান, সুমিত্রী চাকমা ও নাজমা আক্তার।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়, নৈতিকতা, সৃজনশীলতা ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে।

৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

এদিকে বিদ্যালয় প্রাঙ্গণে নতুন দেয়ালিকা ও মাল্টিমিডিয়া ল্যাবের উদ্বোধনকে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা ও সৃজনশীল কার্যক্রমে একটি ইতিবাচক সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আধুনিক প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের পাঠদানকে আরও আকর্ষণীয় ও কার্যকর করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি, অভিভাবকদের অংশগ্রহণ এবং আধুনিক শিক্ষাসুবিধা সম্প্রসারণের সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর