আন্তর্জাতিক উচ্চশিক্ষাবিষয়ক র্যাঙ্কিংয়ে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এশিয়া র্যাঙ্কিং ২০২৭-এ দক্ষিণ এশিয়ার মধ্যে ৯৮তম স্থান অর্জন করে শীর্ষ ১০০-তে জায়গা করে নিয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। একই র্যাঙ্কিংয়ে এশিয়াজুড়ে ‘সাইটেশনস পার পেপার’ সূচকে ৮৬তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।
গত ৩ নভেম্বর আন্তর্জাতিক র্যাঙ্কিং প্রতিষ্ঠান কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রকাশিত এ র্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় প্রথম হয়েছে হংকং বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।
এশিয়ার প্রতিযোগিতামূলক উচ্চশিক্ষাঙ্গনে গাকৃবির এ অবস্থান বাংলাদেশের কৃষি ও উচ্চশিক্ষা খাতের জন্য উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এ অর্জন আমাদের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা এবং গবেষণার প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। বিশেষ করে সাইটেশনস পার পেপার সূচকে এশিয়ায় ৮৬তম অবস্থান আমাদের গবেষণার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও প্রভাবের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের সাফল্যকে কেবল র্যাঙ্কিংয়ের অবস্থানে সীমাবদ্ধ না রেখে গবেষণার সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়া, নতুন প্রজন্মকে দক্ষ ও মানবিক করে গড়ে তোলা এবং দেশের টেকসই উন্নয়নে অবদান রাখার লক্ষ্য সামনে রেখেই গাকৃবি এগিয়ে যাচ্ছে।”
এর আগে বাংলাদেশের প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গাকৃবি।
আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক সাফল্য পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭-এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে গাকৃবি।
টিএইচই সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২৬-এ বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া এসডিজি-১ (দারিদ্র্যমুক্তি) সূচকে বিশ্বে ৮২তম, এসডিজি-২ (ক্ষুধামুক্তি) সূচকে ৬৬তম এবং এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) সূচকে ১০১ থেকে ২০০-এর মধ্যে অবস্থান অর্জন করেছে।
এ ছাড়া টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন সূচকে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাকৃবি।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) ২০২৬-এ বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ‘ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট ড্রাইভেন টেকনোলজি ট্রান্সফার’ ক্যাটাগরিতে বিশ্বে ২৩তম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংস ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হয়েছে গাকৃবি।
এই বাংলা/এমএস