এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার কমে দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশে। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫—দুই সূচকেই অবনতি হয়েছে। এ ছাড়া বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা।
ফলাফল প্রকাশকালে তিনি বলেন, যথাযথ পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে এবারের ফল প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীন বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৫ হাজার ৯৭০ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৯ হাজার ৪৬৫ জন এবং ছাত্রী ১৬ হাজার ৫০৫ জন।
গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৭ দশমিক ৭৩ শতাংশ পয়েন্ট। একই সময়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭২৪ জন।
পাসের হার ও জিপিএ-৫ কমে যাওয়ার পাশাপাশি ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী উত্তীর্ণ না হওয়ার বিষয়টি ফলাফল বিশ্লেষণে নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই বাংলা/এমএস