ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহত ব্যক্তিদের নগরকান্দা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে নগরকান্দা পৌরসভার মিরাকান্দা গ্রামে মসজিদের হিসাব-নিকাশ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর পরদিন শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতারকান্দা ও জিয়াকুলী গ্রামের বাসিন্দাদের মধ্যে মাদক নিরসনসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, দুই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। দ্বিতীয় সংঘর্ষে বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে। আহতদের উদ্ধার করে নগরকান্দা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
এ ঘটনায় উভয় পক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস