ডেঙ্গুর বিস্তার রোধে ঝালকাঠিতে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩১ অক্টোবর) শহরের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চালানো হয়।
সকালে শহরের পাবলিক লাইব্রেরির সামনের সড়ক থেকে অভিযান শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দীন। এ সময় পৌর প্রশাসক জুলিয়া সকায়না, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অভিযান থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতাও অত্যন্ত জরুরি। এ জন্য নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।
এই বাংলা/এমএস