শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

কাঁঠালিয়ায় ফলের বাগানের তিন শতাধিক গাছ কাটার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে একটি ফলের বাগানের তিন শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ কৈখালী গ্রামের বান্দাঘাটা থেকে কৈখালী বাজার সড়কের পাশে প্রায় ৪৫ শতক জমিতে একটি ফলের বাগান গড়ে তোলেন ঢাকায় বসবাসকারী মো. মাজেদুল হাসান মনি। তিনি পশ্চিম আউরা গ্রামের মো. আব্দুল মালেক হাওলাদারের ছেলে। বাগানটিতে সুপারি, রেন্ডি, আম, জাম, মালটা, আমড়া, কাঁঠাল, পেয়ারা, লেবু ও নারকেলসহ বিভিন্ন প্রজাতির তিন শতাধিক ফলজ ও বনজ গাছ ছিল।

অভিযোগ অনুযায়ী, কাঁঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামের মো. জামাল মুন্সি, তাঁর বড় ভাই জাকির মুন্সি ও জসিম মুন্সিসহ কয়েকজন ব্যক্তি শনিবার সকালে দলবল নিয়ে বাগানের গাছগুলো কেটে ফেলেন। পূর্বশত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

বাগানের দেখাশোনার দায়িত্বে থাকা ওবায়দুল মুন্সি বলেন, ‘মালিক ঢাকায় থাকায় আমি জমি ও বাগান দেখাশোনা করি। শনিবার সকালে প্রতিপক্ষের লোকজন বাগানের গাছগুলো কেটে ফেলেন। আমি এর ভিডিও ধারণ করতে গেলে তারা আমাকে খুন-জখমের হুমকি দেন। পরে বাধ্য হয়ে ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।’

জমির মালিক মো. মাজেদুল হাসান মনি বলেন, ‘আমি ঢাকায় থাকি। আমার অনুপস্থিতিতে তারা সম্পূর্ণ পূর্বশত্রুতার জেরে আমার ফলের বাগানের তিন শতাধিক গাছ কেটে ধ্বংস করেছে। আমি এলাকায় ফিরে এ ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেব।’

এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর