শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ডিমলায় ইসলামিক এডুকেশন সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ৬৬২ শিক্ষার্থী

ডিমলা (নীলফামারি) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নীলফামারীর ডিমলায় ইসলামিক এডুকেশন সোসাইটির উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডিমলা উচ্চ বিদ্যালয়ে ‘আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়। এতে মোট ৬৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৬২ জন অংশ নেয়।

পরীক্ষায় ডিমলা উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার তৃতীয় থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শ্রেণিভিত্তিক সিলেবাস অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত, ধর্মশিক্ষা, আরবি ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্নপত্র তৈরি করা হয়।

পরীক্ষায় বৃত্তির জন্য ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ধরনের বিভাগ রাখা হয়েছে। ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা ১ হাজার ৫০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা ১ হাজার টাকা ও সনদপত্র পাবে।

পরীক্ষায় হল সচিবের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ আনোয়ার হোসেন লেবু। হল সুপারের দায়িত্বে ছিলেন ডিমলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, উপজেলা আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান এবং একাডেমিক সুপারভাইজার আমির বোরহান।

পরিদর্শন শেষে সংসদ সদস্য আব্দুস সাত্তার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাই, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের পরীক্ষার আয়োজন প্রশংসনীয়।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর