মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি চায়না এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে উপজেলার নূরজাহান সাইনবোর্ড মোড় থেকে ডলুছড়াগামী পাকা সড়কের পাশের একটি ঝোপে এসব এয়ারগান পাওয়া যায়।
এসআরবি-৯ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টা ৫ মিনিটের দিকে ওই এলাকায় অভিযান চালায় এসআরবি-৯-এর সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি আভিযানিক দল। এ সময় আশপাশে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় তিনটি চায়না এয়ারগান উদ্ধার করা হয়। তবে এসব এয়ারগানের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা এয়ারগানগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এসআরবি-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ ৩১ অক্টোবর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
এই বাংলা/এমএস