শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে ৯ কলেজে এইচএসসি পরিক্ষায় পাস করেননি কোনো শিক্ষার্থী

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কুড়িগ্রাম জেলার ৯টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠানের মোট ৭০ জন পরীক্ষার্থী অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত বোর্ডের ফলাফলে শূন্য পাসের হার থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকা থেকে এ তথ্য জানা গেছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন আট জেলার ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি। এর মধ্যে সর্বাধিক ৯টি প্রতিষ্ঠান কুড়িগ্রাম জেলার।

বোর্ডের ফলাফল অনুযায়ী, শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রৌমারী উপজেলার চর শৌলমারী আদর্শ মহিলা কলেজের ২৪ জন, নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী মডেল কলেজের ১৫ জন, রাজারহাট উপজেলার সিঙ্গার ডাবরীহাট কলেজের ১০ জন এবং একই উপজেলার সিঙ্গার ডাবরীর হাট বি. এল. হাই স্কুল অ্যান্ড কলেজের ৬ জন পরীক্ষার্থী অংশ নেন। এ ছাড়া নাগেশ্বরী উপজেলার কুটি পেয়ারা ডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের ৫ জন এবং চিলাখানা মডেল কলেজের ৪ জন পরীক্ষার্থীও পাস করতে পারেননি।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে উলিপুর উপজেলার হযরত ফাতিমা (রা.) পৌর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৩ জন, চিলমারী উপজেলার দক্ষিণ খাওরিয়া স্কুল অ্যান্ড কলেজের ২ জন এবং রাজারহাট উপজেলার পাঙ্গারানী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজের একজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েও উত্তীর্ণ হতে পারেননি।

এদিকে, জেলার সামগ্রিক এইচএসসি পরীক্ষার ফলাফলও হতাশাজনক। এ বছর কুড়িগ্রামে মোট ১১ হাজার ৭২২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ৫ হাজার ৬৮৩ জন ছাত্র এবং ৬ হাজার ৩৯ জন ছাত্রী। উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৭৭৩ জন। জেলায় পাসের হার দাঁড়িয়েছে ৪০ দশমিক ৭২ শতাংশ।

ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন। ছাত্রদের পাসের হার ৩৫ দশমিক ৯৫ শতাংশ, আর ছাত্রীদের ৪৫ দশমিক ২১ শতাংশ। জেলায় মোট ১৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাঁদের মধ্যে ৫৯ জন ছাত্র এবং ৭৭ জন ছাত্রী।

শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, চরাঞ্চল ও সীমান্তবর্তী এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিক্ষক সংকট এবং শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অনুপস্থিতির মতো বিষয়গুলো খারাপ ফলাফলের পেছনে ভূমিকা রাখতে পারে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন আট জেলার মধ্যে পাসের হারে ৪০ দশমিক ৭২ শতাংশ নিয়ে কুড়িগ্রামের অবস্থান ষষ্ঠ।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর