শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মিরসরাইয়ে শ্যামাপূজা উপলক্ষে ৬০০ সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র উপহার দিলেন এমপি নুরুল আমিন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

শারদীয় শ্যামাপূজা উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে ৬০০ সনাতন ধর্মাবলম্বীর মধ্যে বস্ত্র উপহার বিতরণ করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার সনাতন ধর্মাবলম্বীদের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনির্বাণ চৌধুরী রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোহন দে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নুরুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন বলেন, মিরসরাইয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দীর্ঘদিনের। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করবে—এটাই প্রত্যাশা। শ্যামাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি সামান্য উপহার। আগামী দিনেও তাঁদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করবেন বলে জানান তিনি।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজিব ধর তমাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ।

এ সময় মিরসরাই উপজেলা বিএনপির সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর