বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ফরিদপুরের নগরকান্দা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে নগরকান্দা সদর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন।

অভিযানকালে বড়পাইকান্দি গ্রামের মো. পান্নু কাজির চালের দোকানে পণ্যের মোড়কে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার-সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, নগরকান্দা বাজারের ‘দৃষ্টিনন্দন’ নামের একটি ফাস্টফুডের দোকানে অভিযান চালিয়ে ফ্রিজে পচা মাংস, পাউরুটি ও বাটার বান পাওয়া যায়। এ অপরাধে দোকানটির মালিক মো. ফোরকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা পাট কর্মকর্তা আব্দুস সালাম, অফিস সহকারী স্বপন বাবু, মোহাম্মদ নাজমুল হুদাসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ এবং বাজারে পণ্যের মান বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর