মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বিজয়নগরে ৯০ লাখ টাকার ভারতীয় কাপড়সহ কাভার্ডভ্যান জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকার ভারতীয় কাপড়সহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে উপজেলার আমতলী বাজার এলাকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এ অভিযান চালায়।

মঙ্গলবার সকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে টহল তৎপরতা এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বিজিবি। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ, সিগন্যালসের পরিকল্পনা ও দিকনির্দেশনায় মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমতলী বাজার এলাকায় অভিযান চালায়।

এ সময় সীমান্ত পিলার ২০০১ এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সিলেট থেকে ঢাকাগামী একটি সন্দেহজনক কাভার্ডভ্যানকে থামার সংকেত দেয় বিজিবি। টহলদলের উপস্থিতি টের পেয়ে চালক গাড়িটির গতিপথ পরিবর্তনের চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করলে চালক কাভার্ডভ্যানটি ফেলে পালিয়ে যান।

পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে ৯ হাজার ২৭৮ মিটার উন্নতমানের ভারতীয় শার্টের থান কাপড় জব্দ করা হয়। কাপড় ও কাভার্ডভ্যানের আনুমানিক জব্দমূল্য ৯০ লাখ ৩০ হাজার ৭০০ টাকা।

বিজিবি জানায়, জব্দ করা কাপড় ও কাভার্ডভ্যান আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর