সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ঝালকাঠির পিপি হায়দার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ঝালকাঠি জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট হায়দার হোসাইন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বেল্লাল হোসেন (৪০) আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের পর আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আক্কাস শিকদার।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি এ হত্যা মামলায় বেল্লাল হোসেনসহ পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেন ঝালকাঠির অতিরিক্ত দায়রা জজ আদালত। পরে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল এবং মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্সের শুনানি হয় হাইকোর্টে। ২০২০ সালের ১ মার্চ বিচারপতি সৌমেন্দ্র সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। বেঞ্চের অপর বিচারপতি ছিলেন শাহেদ নূরউদ্দীন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১১ এপ্রিল এশার নামাজ শেষে ঝালকাঠির গোরস্থান মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হন অ্যাডভোকেট হায়দার হোসাইন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন নিহতের ছেলে মো. তারেক ইবনে হায়দার ঝালকাঠি থানায় হত্যা মামলা করেন।

মৃত্যুদণ্ড বহাল থাকা পাঁচ আসামি হলেন মুরাদ হোসেন, আবু শাহাদাত মো. তানভীর ওরফে মেহেদি, আমিনুল ওরফে আমির হোসেন, মো. বিল্লাল হোসেন ও সমীর হোসেন ভূঁইয়া। তাঁদের মধ্যে বিল্লাল হোসেন পলাতক ছিলেন বলে মামলার তথ্যে উল্লেখ রয়েছে।

সোমবার আদালতে আত্মসমর্পণের পর বেল্লাল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর