নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ গ্রাম হেরোইনসহ মো. তুহিন সরদার (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নাটোরের পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মাধনগর বাজারসংলগ্ন নলডাঙ্গা-আত্রাই মহাসড়কের পাশে জনৈক মিজানুর রহমানের ভাঙারির দোকানের সামনে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) হাসান মাহমুদসহ পুলিশের একটি দল।
অভিযানকালে তুহিন সরদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে কাগজসহ মোট ৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার তুহিন সরদার নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর এলাকার মৃত বেলাল সরদারের ছেলে। তাঁর বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এই বাংলা/এমএস