ময়মনসিংহ নগরীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত ও সড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)।
সোমবার (২ নভেম্বর ২০২৬) দুপুরে সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত ও সড়কের পাশে অবৈধভাবে দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছিল। এতে যানজট সৃষ্টি ও পথচারীদের চলাচলে ভোগান্তি বাড়ছিল। নগরবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়।
অভিযানকালে ফুটপাত দখল করে গড়ে তোলা টং দোকানসহ বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে ফুটপাতের একটি অংশ দখলমুক্ত হয়।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং মসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযান প্রসঙ্গে মসিক প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, “ময়মনসিংহ নগরীকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ফুটপাত পথচারীদের জন্য; কোনোভাবেই তা দখল করে রাখা যাবে না।”
প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
এই বাংলা/এমএস